মৌসুম শেষে কাঠগড়ায় দাঁড় করাবেন: টেন হ্যাগ

সময়টা একেবারে ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাডেটের। অর্জন করতে পারেনি চ্যাম্পিয়নস লিগ ২০২৪-২৫ মৌসুম খেলার যোগ্যতা। শুধু তা-ই নয়। নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে ছয়টি ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে টেন হ্যাগের দল। পয়েন্ট টেবিলে অবস্থান ১৩ নম্বরে। এছাড়াও ইউরোপা লিগে দুটি ম্যাচ খেলে জয় নেই একটি ম্যাচে। 

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েও ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়েন টেন হ্যাগের শিষ্যরা। এছাড়াও এই ম্যাচে লাল কার্ড দেখেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। দলের এমন বাজে পারফরম্যান্সে পর ব্যর্থতার তীর যাচ্ছে যাচ্ছে কোচ টেন হ্যাগের দিকে। সেই সঙ্গে তার হাতে কেন এখনো ম্যানইউর দায়িত্ব, সেই বিষয় নিয়েও ক্ষোভ রয়েছে ভক্ত-সমর্থকদের। 

বৃহস্পতিবার পোর্তোর বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের ব্যর্থতা নিয়ে তাকে প্রশ্ন করা হলে এই ডাচ বলেন, এখনই নয়, মৌসুম শেষে কাঠগড়ায় দাঁড় করাবেন। টেন হ্যাগ বলেন, 'আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব। এই মুহূর্তে আমাদের বিচার করবেন না, মৌসুম শেষে আমাদের কাঠগড়ায় দাঁড় করাবেন।' 

সেই সঙ্গে দলের পরবর্তী পরিকল্পনা নিয়ে তিনি বলেন, 'আমরা এটি প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা উন্নতি করব। আমাদের দুটি মৌসুম ছিল যেখানে আমরা ফাইনালে পৌঁছেছি, আমরা এখনো লড়াই চালিয়ে যাব এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো।'