কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নাটেরকোনা এলাকায় অবশেষে ভেঙ্গে গেলো দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের বেড়িবাঁধ। রোববার (৬ অক্টোবর) পানির চাপে বাঁধটি ভেঙে যায়।
এদিন সন্ধ্যায় সরেজমিনে জারিয়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে নাটেরকোনা এলাকায় গিয়ে দেখা যায়, ফসল রক্ষার সেই বাধটি ভেঙ্গে গেছে। প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার জারিয়া, ঘাগড়া ও ধলামূলগাঁও ইউনিয়নের মানুষ। রাতারাতি ঐসব এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। তাছাড়া এ অবস্থা চলমান থাকলে পানিতে তলিয়ে যেতে পারে বেড়িবাঁধের নিয়ন্ত্রনাধীন নেত্রকোনার পূর্বধলা ও ময়মনসিংহের ফুলপুর এবং তারাকান্দা উপজেলার ঘরবাড়ি, মাছের ঘেরসহ ফসলের মাঠ।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কংস নদের পানি জারিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর এপাশে বাধের পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের খাটুয়ারি, লেটিরকান্দা, গাঙ্গেরভেড়া, শুনাইকান্দা, কাপাশিয়া, গিরিয়াসা, কোচখালী ও ঘাগড়া বাজার, জারিয়া ইউনিয়নের নাটেরকোনা, ধলামূলগাঁও ইউনিয়নের দেবকান্দা এবং চরেরভিটা এলাকায় স্থানে স্থানে বাধটি তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।
খবর পেয়ে রবিবার দিনভর পানি উন্নয়ন বোর্ডের লোকজন, জারিয়া আনসার ক্যাম্পের আনসার বাহিনী ও স্থানীয়রা মাটি কেটে ও বালির বস্তা ফেলে পানি নিয়ন্ত্রনের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তবে আগামী কাল সোমবার সকালেই বাধের ভাঙ্গন মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।