মুন্সীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জ সদরের রামপাল এলাকায় পাওনা টাকা চাওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (৬ অক্টোবর) বিকালে রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. খলিলুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) মুন্সীগঞ্জ সদরের রামপাল এলাকার বাসিন্দা। ধলাগাঁও বাজারে তার মুদি দোকান রয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সনেট হালদার ও তার চাচা মোশারফ হালদার আত্মগোপন করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, সদর এলাকার ধলাগাঁও বাজারের মুদি দোকানদার টুনু ঢালীর দোকান থেকে বাকীতে সাংসারিক সামগ্রী ক্রয় করতেন প্রতিবেশী মোশারফ হালদার। কিন্তু দীর্ঘদিন পাওনা টাকা পরিশোধ করেনি মোশারফ। গতকাল রোববার বিকাল ৩টার দিকে পাওনা টাকার জন্য টুনু ঢালী মোশারফের বাড়িতে গিয়ে তাগাদা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ, তার ভাতিজা সনেট হালদারসহ ৩-৪ জন মিলে তাদের বাড়ির ভিতরেই টুনু ঢালীকে লাঠি দিয়ে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে টুনু ঢালী খুড়িয়ে খুড়িয়ে নিজ বাড়িতে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যান।

ওসি আরও বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।