তিন মাস বেতন পাচ্ছেন না কিংসের রবসন, মাসিক বেতন ৫৫ লাখ

বসুন্ধরা কিংসের আক্রমণভাগের ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহোকে নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছে তার ক্লাব। কারণ এই ফুটবলারকে রাখবে নাকি ছেড়ে দেবে, তা নিয়ে একটা সিদ্ধান্তে যাওয়ার অপেক্ষায় রয়েছেন ক্লাবের নীতি-নির্ধারকরা। বিভিন্ন সূত্রের খবর রবসন তিন মাসের বেতন পান, বকেয়া বেতন না পাওয়ার কারণে রবসন নাকি ঢাকায় আসছেন না। কিংসের কর্মকর্তারাও দুশ্চিন্তায় রয়েছেন। 

বসুন্ধরা কিংস এ মাসেই ভুটান যাবে। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে যাবে। এএফসির কাছে পাঠানো নামের তালিকায় রবসনের নাম রয়েছে। আর রবসনকে খেলানোর চিন্তা-ভাবনা বাদ দিয়ে নতুন পরিকল্পনা করছে ক্লাব। এ কারণে মোহামেডান থেকে সুলায়মান দিয়াবাতেকে নেওয়া হয়েছে ভুটানের জন্য। দিয়াবাতের সঙ্গে আরও দুজন বিদেশি ফুটবলার দলে নেওয়া হয়েছে। রবসন ছিলেন কিংসের অধিনায়ক। অথচ অধিনায়ককে ছাড়াই ভুটানে চ্যালেঞ্জ টুর্নামেন্টে খেলতে হবে। 

বিভিন্ন সূত্রের খবর রবসন কিংসের কাছে তিন মাসের বেতন পাবেন। সূত্রের খবর মাসে ৫৫ লাখ টাকা বেতন তিনি। এই টাকা পরিশোধ না করায় রবসনও বেঁকে বসেছেন। বিষয়টি নিয়ে কিংসের একাধিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। ক্লাবের সভাপতি ইমরুল হাসানের সঙ্গে যোগাযোগ করলেও ফোনে সাড়া দেননি তিনি। বারবার ফোন করা হলেও ম্যানেজার ওয়াসিম ফোন তোলেননি। বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমারের সঙ্গে কয়েক বার চেষ্টা করার পর তিনি সাড়া দেন, ফোন তোলেন। রসবনের ব্যাপারে প্রশ্ন করা হলে বিদ্যুৎ কুমার বলেন, 'আছে কিছু ইন্টারনাল প্রবলেম আছে।' ৩ মাসের বেতন বকেয়া থাকার প্রশ্নে বিদ্যুৎ কুমার বলেন, 'সলভ হয়ে যাবে। এটা ইন্টারনাল বিষয়। আমি জানি না। আমাদের প্রেসিডেন্ট জানেন।' 

কিংসের সভাপতি ইমরুল হাসান পরে ফ্রি হয়ে যোগাযোগ করেছিলেন। ফোনে জানিয়েছেন রবসন ইস্যু। তিনি বলেন, 'রবসনের বিষয়ে ৩৬ ঘণ্টা পর জানাতে পারব।' বুঝা যায় ইমরুল হাসান তার ফুটবলার রবসনকে নিয়ে কাজ করছেন। ৩ মাসের বেতন বকেয়া প্রশ্নে ইমরুল জানিয়েছেন ওতো (রবসন) ৪ মাস ধরে দেশেই (বাংলাদেশ) নেই।' বেতন বকেয়া থাকলে সেটি পরিশোধ করে দেবেন ইমরুল। আসলে নতুন মৌসুমে রবসন কিংসের জার্সি গায়ে খেলবেন কি না তা নিয়ে শঙ্কা রয়েছে। না খেলার সম্ভাবনাই বেশি। 

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

জানা গেছে নতুন মৌসুমের জন্য স্যালারি নিয়ে নতুন করে দেনদরবার চলছে। রবসনের প্রিমিয়ার লিগে খেলার বিষয়ে আরেক প্রশ্নে সভাপতি ইমরুল হাসান বলেন, 'দেখা যাক। বললাম তো ৩৬ ঘণ্টা পর বলব।' নতুন মৌসুমে রবসনকে কিংসের জার্সি গায়ে নাও দেখা যেতে পারে, রবসনকে ক্লিয়ারেন্স দেওয়ারও পরিকল্পনা নিয়ে রেখেছে। ইমরুল হাসান বলেন, 'কঠিন সিজন এটা। বাজেট কার্টেলের বছর। ও (রবসন) যদি সেক্রিফাইস করে। দেখা যাক। আমরা জানাব।' 

বসুন্ধরা কিংস অর্থ খরচের ব্যাপারে কার্পণ্য করে না। ক্লাবের সভাপতি ইমরুল হাসান খেলোয়াড়দের জন্য দুই হাতে খরচ করেন। কিন্তু এবার এই কর্মকর্তার কথায় মনে হলো বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ মিতব্যয়ী হওয়ার পথে হাঁটতে চায়। আর তাতে রবসনের মতো বড় বেতনের ফুটবলারদের নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ইমরুল হাসানকে।