যমুনার পানি বাড়ায় মাদারগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে মাদারগঞ্জে যমুনা নদীর পানি বেড়েছে। এতে গত ২৪ ঘণ্টায় উপজেলার চরাঞ্চলসহ নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া প্রধান নদী ছাড়াও শাখা নদীগুলোর পানিবৃদ্ধি অব্যহত রয়েছে। সেইসঙ্গে বাড়ছে নদী ভাঙ্গনের তীব্রতা।  

জানা গেছে, বন্যায় মাদারগঞ্জ উপজেলার পৌর এলাকাসহ ৭ ইউনিয়নের নিম্নাঞ্চলের আউস ধান ও আগাম সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি যমুনার চরাঞ্চলের প্রধান ফসল মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া মরিচ বীজতলা, মাসকলাই, বাদামসহ অন্যন্য শীত কালীন ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। 

মাদারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শাহাদুল ইসলাম জানান, আকস্মিক বন্যায় উপজেলায় ১৯ হেক্টর জমির ধান, ২৩ হেক্টর জমির সবজি ও ২০ হেক্টর জমির মরিচ তলিয়ে গেছে। এর অধিকাংশই ক্ষতির সম্মুখীন হবে বলে তিনি আশংঙ্কা করছেন। 

এদিকে বন্যা দেখা দেওয়ায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামে নদী ভাঙ্গনের তীবতা বেড়েছে। কয়েক দিনে বহু বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে।