পূর্ণ মন্ত্রী হচ্ছেন ইমরান আহমেদ, নতুন প্রতিমন্ত্রী ইন্দিরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে সাত মাস দায়িত্ব পালনের পর পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ইমরান আহমেদ। একইসঙ্গে প্রতিমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, আমরা প্রস্তুত, আগামী শনিবার সাড়ে ৭টায় বঙ্গভবনে উনাদের শপথ পাঠ করানো হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হয়। পাঁচ মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম পরিবর্তন এনে প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্যে বদলি করা হয়। পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বরত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এতদিন কোনো মন্ত্রী ছিলেন না। সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদ প্রতিমন্ত্রী হিসেবে একাই দায়িত্ব সামলাচ্ছিলেন। মন্ত্রীর দায়িত্বে তিনি একই মন্ত্রণালয়ে থাকবেন, না প্রধানমন্ত্রী তাঁর দপ্তর বদলে দেবেন, সে বিষয়ে কোনো ঘোষণা এখনো আসেনি।