ধর্ষণ, যৌন নিপীড়ন

মানিকগঞ্জ ও পীরগঞ্জে শিক্ষক বরখাস্ত, কসবায় শিক্ষক, নারায়ণগঞ্জে দপ্তরি গ্রেফতার

মানিকগঞ্জে ষষ্ঠ শ্রেণির এবং পীরগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষককে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেওয়ার তিন দিনের মাথায় শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। নায়ায়ণগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের দপ্তরিকে গ্রেফতার করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জের দৌলতপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হওয়া শিক্ষক শরিফুল ইসলাম সেন্টুকে গতকাল বৃহস্পতিবার জরুরি সভায় সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। দৌলতপুর প্রমোদা সুন্দরী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে বৃহস্পতিবার মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম সারোয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, পীরগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি এবং ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কালাচান রায়কে বরখাস্ত করেছে স্কুলের ম্যানেজিং কমিটি। শিক্ষক কালাচান রায় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রীদের শাসন করতে গিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।

নবম ও দশম শ্রেণির ছাত্রীরা তার এই আচরণের বিরুদ্ধে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করে এবং বিক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলের সামনে বিক্ষোভ করেন। এ অবস্থায় স্কুল কমিটি দ্রুত মিটিং ডেকে তাকে সাসপেন্ড করে।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, কসবার কায়েমপুর ইউনিয়নের মইনপুরে বৃহস্পতিবার সকালে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে রফিক মিয়া নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত রফিক মিয়া মইনপুর হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক। তিন দিন আগে গত রবিবার মাদ্রসায় নতুন শিক্ষক হিসেবে যোগদান করেই শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন রফিক। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের আবু মিয়ার ছেলে রফিক। এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে রুবেল (৩০) নামের স্কুলের দপ্তরিকে গতকাল গ্রেফতার করেছে বন্দর থানার পুলিশ। গত ৭ জুলাই চতুর্থ শ্রেণির এই ছাত্রীকে বই দেওয়ার কথা বলে স্কুলের দ্বিতীয় তলায় নিয়ে কুপ্রস্তাব দেয় এবং ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ওই ছাত্রী কোনো রকমে পালিয়ে গিয়ে মাকে জানালে তার মা বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটিকে জানান। ম্যানেজিং কমিটির এক সদস্য আওয়ামী লীগ নেতা শহীদ মৃধা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে থানায় মামলা হলে পুলিশ স্কুলের দপ্তরি রুবেলকে গ্রেফতার করে। রুবেল সোনাকান্দা এলাকার রোস্তম আলীর ছেলে।

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জানান, ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু (১১) ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ১৪ হাজার টাকায় আপসের চেষ্টা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে গতকাল থানায় মামলা করলে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মেহেদুল ইসলাম এবং সালিশ আয়োজকদের অন্যতম মো. সুজনকে আটক করেছে পুলিশ।

গত বুধবার দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণে ‘ফুলাড়ীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণের মূল্য ৭ হাজার টাকা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশের পর পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, দৈনিক ইত্তেফাকের অনলাইনে প্রকাশিত সংবাদটি দেখে গতকাল বৃহস্পতিবারই অভিযুক্ত মেহেদুল ইসলাম ও সালিশের আয়োজক মো. সুজনকে (৩০) আটক করা হয়েছে।