কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমা থেকে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ৫ বাংলাদেশি জেলেকে ফেরত আনলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার (৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নাফ নদী হয়ে টেকনাফ জেটিঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়।
ওই ৫ বাংলাদেশি হলেন টেকনাফের শাহপরীরদ্বীপের আব্দুর রহিমের ছেলে আলম (২২), আব্দুল মজিদের ছেলে রাসেল মিয়া (২৩) ও সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯) এবং খোরশেদ আলমের ছেলে রাশেদ (২৪)।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, আটক ৫ বাংলাদেশি জেলেকে এদিন বিজিবির কাছে হস্তান্তর করে আরাকান আর্মি। পরে বিজিবির সদস্যরা টেকনাফ জেটিঘাট দিয়ে তাদের ফেরত নিয়ে আসেন।
গত সোমবার বিকেলে টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকা দিয়ে ট্রলারে নিয়ে মাছ ধরতে নাফ নদীতে যান ওই ৫ জেলে। এক পর্যায়ে তারা ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শুন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমার কাইং চং নামক স্থানে ঢুকে পড়েন। এ সময় আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে ট্রলারসহ তাদের আটক করে নিয়ে যায়। পরবর্তীতে বিজিবির প্রচেষ্টায় তাদের ফেরত আনা হয়।