ঈদুল আজহা উপলক্ষ্যে ২৯ জুলাই সোমবার থেকে রেলওয়ে আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এবারও রাজধানীর কমলাপুরসহ ৫ স্থান থেকে একযোগে আগাম টিকিট বিক্রি করা হবে। অপরদিকে ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-বেনাপোল-যশোর রুটে ‘বেনাপোল এক্সপ্রেস’ নামে নতুন একটি ট্রেন উদ্বোধন করবেন। বুধবার রেলভবনে রেলওয়ের ঈদ ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান। আগাম টিকিটের ৫০ শতাংশ বিক্রি হবে রেলওয়ের অ্যাপের মাধ্যমে।
সিদ্ধান্ত অনুযায়ী কমলাপুর স্টেশনে বিক্রি হবে যমুনা সেতু হয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে দেওয়া হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হবে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী স্টেশন থেকে বিক্রি হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকিট এবং রাজধানীর ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।
তিনি আরো জানান, সিদ্ধান্ত অনুযায়ী ২৯ জুলাই থেকে টিকিট বিক্রি শুরু হচ্ছে। যাত্রী প্রতি ৪টির বেশি টিকিট সংগ্রহ করা যাবে না। ঈদুল আজহা উপলক্ষ্যে রেলওয়ের ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ট্রেনগুলো হলো-দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (এক জোড়া): ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা: চাঁদপুর ঈদ স্পেশাল (দুই জোড়া), চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, মৈত্রীর রেক দিয়ে খুলনা ঈদ স্পেশাল: খুলনা-ঢাকা-খুলনা, ঈশ্বরদী ঈদ স্পেশাল: ঢাকা-ঈশ্বরদী-ঢাকা, লালমনি ঈদ স্পেশাল: লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট, শোলাকিয়া স্পেশাল-১: ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, শোলাকিয়া স্পেশাল-২: ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ। ঈদের ৫ দিন আগ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোর কোনো সাপ্তাহিক বন্ধ থাকবে না।