কক্সবাজারের টেকনাফে পুলিশের মাদক উদ্ধার অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় তিন পুলিশ সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, ইয়াবা ও বুলেট উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে টেকনাফ মডেল থানার একদল পুলিশ পৌর এলাকার নতুন পল্লানপাড়ার মৃত মকবুল আহমদের পুত্র একাধিক অস্ত্র ও মাদক মামলার আসামি আব্দুল মালেককে নিয়ে লেঙ্গুরবিল মালির মাঠ ছড়া পাহাড়ে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নামে। এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এএসআই রামধন, কনস্টেবল রাজু মজুমদার ও আব্দুস শুকুর আহত হন। একপর্যায়ে পুলিশও আত্মরক্ষার্থে পালটা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি এলজি, ১৩ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ২১ রাউন্ড কার্তুজের খোসা এবং ৫ হাজার পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ মালেককে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুলিবিদ্ধ আব্দুল মালেককে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।