শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে যশোরের বেজপাড়া বয়েজ ক্লাব পূজা কমিটি। যেখানে সন্তানেরা তাদের মায়ের পা ধুয়ে ও মিষ্টি মুখ করিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে যশোর শহরের বেজপাড়া পূজা মন্দিরে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মায়ের পা ধুয়ে সম্মান জানাতে পেরে একদিকে যেমন সন্তানেরা খুশি হয়েছেন; অন্যদিকে সন্তানের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন মায়েরা। আর মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেজপাড়া বয়েজ ক্লাব কর্তৃপক্ষ।
ব্যতিক্রমী এই আয়োজন উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণে চেয়ারে সারিবদ্ধ হয়ে বসেন বিভিন্ন বয়সী ৫০ জন মা। প্রথমে ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন সন্তানেরা। এ সময় পানি নিয়ে একসঙ্গে পঞ্চাশের অধিক বয়সের মায়ের পা ধুয়ে দিয়েছে সন্তানরা। পরে মায়েদের মিষ্টিমুখ করান। এ সময় আবেগে আপ্লুত মায়েরা সন্তানকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন। সন্তানেরা মেতে ওঠে আনন্দে।
অনুষ্ঠানে মায়ের পা ধুয়ে দেওয়া যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী অধরা বিশ্বাস বলেন, প্রত্যেক সন্তানই তার মা-বাবাকে ভালবাসে। তবে সেটা বেশিরভাগ সময় প্রকাশ করতে পারে না। আজকের অনুষ্ঠানে আমরা এমন একটা সুযোগ পেয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে মায়ের প্রতি ভালবাসা শ্রদ্ধা আরও বেড়ে গেল।
অধরা বিশ্বাসের মা ঝুমুর গুপ্তা বলেন, সন্তানের প্রতি মায়ের আশীর্বাদ সবসময় থাকে। আজ দেবী দুর্গার সামনে সন্তানের আশীর্বাদ করতে পারছি।
‘খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা, মাকে ত’ তোরা পূজিস্নে! প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে হায় রে অন্ধ, বুঝিস্নে’- পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গানের উদাহরণ টেনে বলেন, আমাদের বাড়িতেই মা রয়েছে। সেই মাকে আমরা যত্ন করি না। অথচ প্রতিমা দুর্গাকে যত্ন করি। এতে মা দুর্গা খুশি হন না। যদি নিজেদের মাকে শ্রদ্ধা করি, তাহলেই মা দুর্গা খুশি হন।’
এর আগে সকালে এই অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বেজপাড়া বয়েজ ক্লাব পূজা কমিটির সভাপতি সুশীল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইলের মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ ড. তাপসী কাপুড়িয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোরের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ যশোরের সভাপতি সন্তোষ দত্ত, সহ-সভাপতি অসীম মণ্ডলসহ অনেকে।