বরিশালে বিদ্যুত্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রমজান কাঠী গ্রামে গতকাল বৃহস্পতিবার বিদ্যুত্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ভ্যানচালক কামাল হোসেন (৩৫) ও তার স্ত্রী মমতাজ বেগম (২৮)।

জানা গেছে, কামাল হোসেনের স্ত্রী মমতাজ বেগম গতকাল দুপুরে নিজ বাড়ির কাছে পাট তুলতে গিয়েছিল। এসময় ওই জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুত্ তারে তিনি বিদ্যুত্পৃষ্ট হন। মেয়ে হালিমা মাকে দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। এ সময় মমতাজ বেগমের স্বামী কামাল হোসেন স্ত্রী মমতাজকে বাঁচাতে গেলে সে নিজেও বিদ্যুত্পৃষ্ট হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে উজিরপুর হাসপাতালের চিকিত্সক মাকসুদুর রহমান তাদের মৃত্যু ঘোষণা করেন। বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র বলেন, এ ঘটনায় ইউডি মামলা করা হয়েছে। কামাল ও মমতাজের দম্পতির চার জন শিশু সন্তান রয়েছে।