নাটোরের সিংড়ায় এক পা দিয়ে লিখে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রাসেল মৃধা। তিনি সিংড়ার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৩.২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এর আগে সে দাখিল পরীক্ষায় ৩.৮৮ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।
মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাসেল মৃধা এ বছর আমার প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে। বিগত পরীক্ষাগুলোতেও সে কৃতিত্বের সঙ্গে পাস করেছে।
রাসেল মৃধা বলেন, আলিম পাস করায় আমি খুব আনন্দিত। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই। বিশেষ করে আমি শারীরিক প্রতিবন্ধকতা জয় করতে চাই। আমি পরিবারের পাশে দাঁড়াতে চাই।
রাসেল মৃধার বাবা কৃষক আব্দুর রহিম মৃধা বলেন, লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। তার ফলাফলে আমরা খুবই আনন্দিত।