মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত 

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে ভুট্টাবোঝাই একটি ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া খৈয়াছরা ঝরনা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সীতাকুন্ড উপজেলার দক্ষিণ বগাচতর এলাকার ফতেহ আলী ভূঁইয়ার বাড়ির আবুল কালামের স্ত্রী নুরজাহান বেগম (৫৫), তাদের মেয়ে কাজল রেখা (২৫) ও কাজলের সাত মাস বয়সী ছেলে আনাস। দুর্ঘটনায় আহত হয়েছেন কাজল রেখার স্বামী মোহাম্মদ সাইফুল ইসলাম সায়েমে (২৯), কাজল রেখার বোন শিরিনা আক্তার (২০) ও নিজাম উদ্দিন (৩০)। দুর্ঘটনায় গুরুতর আহত শিরিনা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) সোহেল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি বলেন, সীতাকুণ্ডের মহানগর এলাকা থেকে অটোরিকশা নিয়ে খৈয়াছরা এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তারা। অটোরিকশাটি খৈয়াছরা ঝরনা রাস্তার মাথায় পৌঁছানোর পর মহাসড়কের পাশে দাঁড়ায়। তবে দাঁড়িয়ে যাত্রী নামানোর আগে ভুট্টা বোঝায় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে সজোর ধাক্কা দিলে মহাসড়কের পাশে খাদে উল্টে যায় অটোরিকশাটি। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আর গুরুতর আহত হন তিনজন। পরে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রুল আলম বলেন, মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত তিন নারী-পুরুষকে চমেক হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক দুর্ঘটনায় গুরুতর আহত নারী শিরিন আক্তারকে মৃত ঘোষণা করেন। 

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, দুর্ঘটনা পরবর্তীতে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজির ভেতরে আটকা পড়া হতাহতদের উদ্ধার করা হয়েছে। 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক মিতু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নুরজাহান বেগম, কাজল রেখা, মোহাম্মদ আনাসের মরদেহ পুলিশ মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোহাম্মদ সাইফুল ইসলাম সায়েম, শিরিনা আক্তার ও নিজাম উদ্দিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত শিরিনা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের পরিদর্শক সোহেল সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রী চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা পরবর্তীতে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি সরিয়ে হাইওয়ে থানা হেফাজতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।