সিনওয়ারের মৃত্যুতে স্বস্তি প্রকাশ করেছে বাইডেন

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘোষণায় ইসরায়েলকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই হত্যাকাণ্ডকে ইসরায়েলের জন্য “স্বস্তিদায়ক” বলে উল্লেখ করেছেন।

একইসঙ্গে, সিনওয়ারের হত্যাকে চলমান গাজা যুদ্ধের অবসানের দিকে একটি পদক্ষেপ বলেও অভিহিত করেছেন তিনি। শুক্রবার (১৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার বিষয়টি হামাস এখনও নিশ্চিত করেনি। তবে বাইডেন বৃহস্পতিবার আরও বলেন, সিনওয়ারের হত্যাকাণ্ড চলমান সংঘর্ষের “রাজনৈতিক নিষ্পত্তির” একটি সুযোগ সৃষ্টি করেছে।

গত বুধবার গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। তবে দখলদার ইসরায়েলি সেনারা জানতেন না যে তারা সিনওয়ারকে হত্যা করেছেন। পরে বৃহস্পতিবার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ নিশ্চিত করেন যে তারা সিনওয়ারকে হত্যা করেছে।

ইসরায়েলি কর্মকর্তারা সিনওয়ারের হত্যা ও পরিচয় নিশ্চিত করার পর প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন, “এটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য একটি ভালো দিন। আজ আবারও প্রমাণিত হয়েছে, বিশ্বের কোথাও কোনো সন্ত্রাসী বিচার থেকে পালাতে পারবে না, তা যতই সময় লাগুক না কেন।”

বাইডেন আরও বলেন, সিনওয়ারের পাশাপাশি হামাসের অন্যান্য নেতাদের “অবস্থান শনাক্ত” করতে ইসরায়েলি বাহিনীকে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গত বুধবার গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে গিয়ে সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধাসহ তিনজনের লাশ পায়। পরে নিশ্চিত হওয়া যায় যে ওই লাশটি সিনওয়ারেরই।

গত জুলাই মাসে ইরানের রাজধানী তেহরানে এক হামলায় সিনওয়ারের পূর্বসূরি ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হন। হানিয়াহ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করা হয়ে থাকে।

এদিকে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিনওয়ারের হত্যাকে একটি “সুযোগ” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “সিনওয়ার হামাসের জন্য অপারেশনাল, সামরিক ও রাজনৈতিকভাবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।” তিনি আরও বলেন, “সাম্প্রতিক সপ্তাহ ও মাসগুলোতে তিনি তার নেতৃত্বে রাজনৈতিক ও সামরিক শাখা উভয়ের নিয়ন্ত্রণ একত্রিত করেছিলেন, তাই এটি (সিনওয়ারের হত্যাকাণ্ড) খুব গুরুত্বপূর্ণ ঘটনা।”