ইসরায়েলের হাইফা শহরের সামরিক ঘাঁটিসহ শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। শনিবার (১৯ অক্টোবর) হিজবুল্লাহর উদ্ধৃতি দিয়ে লেবানন থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের দিকে শনিবার অন্তত ১১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অধিকাংশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে। হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন এলাকায় দফায় দফায় সাইরেন বাজানো হয়েছে। এসব হামলায় কী পরিমাণ হতাহত, ভবন বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি।
তবে আজ সকালে ইসরায়েলের সিজারিয়া শহরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে বিবিসি জানায়, আজ সকাল থেকে হাইফাসহ উত্তর ইসরায়েলের কয়েকটি শহরে লেবানন থেকে ৫০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। কিছু রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে।
গত ২৩শে সেপ্টেম্বর শুরু হওয়া যুদ্ধে ইসরাইলের ওপর হামলা জোরদার করার অঙ্গীকার করে হিজবুল্লাহ। আর হিজবুল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী হাইফার পূর্বে দিকে একটি সামরিক ঘাঁটিতে আধুনিক রকেট ‘বড় সালভো’ আঘাত হেনেছে।
এর আগে এক বিবৃতিতে ইরান-সমর্থিত গোষ্ঠী বলেছিল, তারা হাইফা শহরের উত্তরে একটি অঞ্চলকে লক্ষ্যবস্তু করে রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এএফপি প্রতিবেদনে জানিয়েছে, রকেট হামলায় একটি তিনতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কিরিয়াত আতায় দুটি গাড়ি ভস্মীভূত হয়েছে। অগ্নিনির্বাপক দল এবং অ্যাম্বুলেন্স ওই এলাকায় পাঠানো হয়েছে।