নাটোরে ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত 

নাটোর শহরের মাদ্রাসা মোড়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় সুমন আহমেদ নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক সজিব হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টা দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন আহমেদ ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নাটোরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মাদ্রাসা হয়ে বাড়ি ফিরছিলেন সুমন আহমেদ ও তার স্ত্রী। এসময় সিংড়া থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাদের দুইজনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ক্যাশ অফিসার সুমনের মৃত্যু হয়। এসময় ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী গুরুতর আহত হন। এসময় ট্রাকটি অপর একটি সিএনজিকে সামনে থেকে সজোরে ধাক্কায় দেয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস আসেন। এসময় স্থানীয়রা ট্রাকের চালককে পুলিশের কাছে সোপর্দ করে ও নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রীকে আশঙ্কাজনকভাবে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মাদ্রাসা মোড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।