রাণীশংকৈলে ঝড়-বৃষ্টিতে ধানক্ষেতের ব্যাপক ক্ষতি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঝড়-বৃষ্টিতে শতাধিক একর ক্ষেতের অধিকাংশ ধান নষ্ট হয়েছে। 

শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার লেহেম্বা ইউনিয়নসহ আশপাশের কিছু এলাকায় ঝড়-বৃষ্টি হয়। 

উপজেলার ব্রহ্মপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী ও মামুন জানান, তাদের প্রায় ১৫ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। ধানের গাছগুলো ঝড়-বৃষ্টিতে মাটিতে নুইয়ে পড়েছে এবং অনেক ধান ঝরে গেছে। পার্শ্ববর্তী লেহেম্বা গ্রামের কৃষক হরিলাল ও ললিত চন্দ্রসহ অনেকের ধানক্ষেতের একই রকম ক্ষতি হয়েছে বলে জানান। আশপাশের আরও কয়েকটি গ্রামের ধানক্ষেতে একই চিত্র দেখা গেছে। 

লেহেম্বা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘ঝড়-বৃষ্টিতে ধানের আংশিক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’

রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে রিপোর্ট তৈরির কাজ চলছে। রিপোর্ট পেলেই ক্ষতির পরিমাণ বলা যাবে।’