দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সড়কে চাঁদাবাজিসহ হয়রানি বন্ধে কৃষিপণ্য পরিবহনে স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খুলনা থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো চালু হলো ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’।
রেলওয়ে সূত্রে জানা যায়, এই ট্রেনে প্রতি কেজি সবজি ও কৃষিপণ্য বহনে ১ টাকা ০৮ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৪৭ পয়সা খরচ পড়বে। এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানেরও ব্যবস্থা রয়েছে। যার মাধ্যমে মাছ, মাংসসহ পচনশীল পণ্য পরিবহণ করা যাবে। এই ট্রেনের মাধ্যমে প্রতিদিন ১২০ টন পণ্য আনা নেওয়ার সুবিধা মিলবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পণ্যের গুনগত মান বজায় রাখতে সম্প্রতি চীন থেকে আনা আধুনিক কোচ সংযুক্ত করা হয়েছে। এই ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত বগিও রয়েছে। যা যাত্রাপথে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ ১৫টি স্টেশন থেকে পণ্য নেবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, রাজধানীর কারওয়ান বাজারে বেচাকেনার সময় বিবেচনা করে রাতে পৌঁছাবে ট্রেন। চাহিদা বাড়লে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা।
কৃষিপণ্য স্পেশাল ট্রেনটির ধারণক্ষমতা ১৪০ টন। এই স্পেশাল ট্রেনে কম খরচে দ্রুত কৃষিপণ্য পরিবহন করায় বাজারে পণ্যের দাম অনেকটা কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।