ইসরায়েলের ৭০ জনের বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (২৩ অক্টোবর) হিজবুল্লাহর অপারেশন রুম এই তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৭০ জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর আগে নিহতের সংখ্যা ৫৫ জন বলে জানিয়েছিল হিজবুল্লাহ।
তবে এতজন ইসরায়েলি সেনা ঠিক কবে নিহত হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, স্থল অভিযান শুরুর পর লেবাননের ভেতরে আমাদের অন্তত ২০ সেনা নিহত হয়েছে।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দেশজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫৭৪ জনে দাঁড়িয়েছে।
ইসরায়েলি বিমান বাহিনী বলেছে, তারা গতদিনে লেবাননে কয়েক ডজন সন্ত্রাসীকে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননজুড়ে হিজবুল্লাহর ১৬০টির বেশি স্থাপনায় আঘাত হানা হয়েছে। এসবের মধ্যে হিজবুল্লাহর ভবন, লঞ্চার, সামরিক স্থাপনা আছে।