গরু চুরির ঘটনা এখনো শোনা গেলেও গ্রাম-গঞ্জে আগে ছাগল, হাস-মুরগি চুরির কথা শোনা যেতো। তাও সেটা খুব কম। তবে ডিম চুরির ঘটনা কখনো শুনেছেন কি?
ডিম চুরির মতো অদ্ভুত ঘটনা ঘটেছে বন্দরশহর চট্টগ্রামে। মিরসরাইয়ে একটি মুরগির খামার থেকে ৪ হাজার ডিম ও ৭০টি লেয়ার মুরগি চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার মিঠানালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব মিঠানালা এলাকার মোশাররফ পোলট্রি খামারে এ ঘটনা ঘটে।
মোশাররফ পোল্ট্রি খামারের মালিক ফরহাদ মাহমুদ কাউছার বলেন, পাঁচ বছর দরে আমি পোল্ট্রি খামারের ব্যবসা করে আসছি। বুধবার রাত ১০টায় প্রতিদিনের ন্যায় খামার বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে বাড়িতে চলে যাই। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে খামার খুলতে এসে দেখি খামারের চারপাশে থাকা জিআই তার কাটা এবং ভিতরে ঢুকে দেখি ৪ হাজার ডিম এবং ৭০ টি ডিম পাড়ার লেয়ার মুরগি নিয়ে যায় চোরের দল। চুরির ঘটনায় মিরসরাই থানা একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, পোল্ট্রি খামারে চুরির ঘটনায় ফরহাদ মাহমুদ কাউছার নামে একজন লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা স্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা ব্যবস্থা নেওয়া হবে।