নারী সাফ চ্যাম্পিয়নশিপ 

সেমিফাইনালে ভুটানকে পেলো বাংলাদেশ 

নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। রোববার (২৭ অক্টোবর) শেষ চারের লড়াইয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। একই দিনে আরেক সেমিফাইনালে খেলবে ভারত এবং নেপাল। গতকাল রাতে প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে। ভুটানের বিপক্ষে গত সাফেও সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। ৮-০ গোলে জিতে ফাইনালে উঠেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। 

বুধবার (২৩ অক্টোবর) রাতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে দশরথে 'বি' গ্রুপে দুটি ম্যাচ বাকি ছিল। ভুটান ১৩-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। আর স্বাগতিক নেপাল ৬-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। গোল গড়ে নেপাল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তারা 'এ' গ্রুপ রানার্স আপ ভারতের বিপক্ষে খেলবে আর 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। এবারের সাফে মালদ্বীপ সব খেলায় হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ১০-০, নেপালের বিপক্ষে ১১-০, আর গতকাল ভুটানের বিপক্ষে ১৩-০ গোলে হারলো। ৩ ম্যাচ ২৪ গোল হজম করলো। 

৩০ অক্টোবর সাফের ফাইনাল। ভুটানের বিপক্ষে তহুরা খাতুন আরও ভালো করবেন বলে নেপালে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। তহুরা ভারতের বিপক্ষে জোড়া গোল করেছেন। সাবিনা বলেন, 'তহুর থাইল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষেও গোল করেছিলেন।' সেমিফাইনালে ভুটান আসলেও সাবিনা এটা নিয়ে ভাবছেন না। 'সবাই কঠিন প্রতিপক্ষ হতে পারেন সেটি যেকোনো মুহূর্তে।' 

বাংলাদেশ দলের মধ্যে সিনিয়র জুনিয়রদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। বলা হচ্ছে সিন্ডিকেট তৈরি হয়েছে। এটি নিয়ে সাবিনা দুষ্টামি করে বলেন, 'সিন্ডিকেট হয়ে যদি ভালো খেলে সেটাই ভালো না। আপনারা সিন্ডিকেট বলতে কী বোঝেন জানি না। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমরা সিনিয়ররা জুনিয়রদেরকে অনেক ভালোবাসি। সিনিয়ররা যখন বাসা থেকে ক্যাম্পে আসেন তখন তারা জুনিয়রদের জন্য ভালো কিছু নিয়ে আসেন। জুনিয়ররাও তাই করেন। আমরা অনেক আদর করি তাদেরকে।'