দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ হামলায় কমপক্ষে ৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং ২৪ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। খবর আল জাজিরা'র
এর আগেও ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর গুলিতে পাঁচ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে। এ তথ্য নিশ্চিত করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন করে আরও ৫ জন নিহত হলো।
আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে তাদের সংবাদমাধ্যম 'নিষিদ্ধ' থাকায় জর্ডান থেকে খবর প্রকাশ করছে তারা। ১০ জন নিহতের খবরটি মূলত আজ শুক্রবার সকালে নিশ্চিত করা হয়েছে।
অপরদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে লড়াইয়ের সময় পাঁচ ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত এবং ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
নিহতরা হলেন- মেজর (অব.) ড্যান মাওরি (৪৩), ২৮ বছর বয়সী অ্যালন সাফরাই, ওয়ারেন্ট অফিসার (অব.) ওমরি লোটান (৪৭), ওয়ারেন্ট অফিসার (অব.) গাই ইডান (৫১) এবং মাস্টার সার্জেন্ট (অব.) টম সেগাল।
অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননেও ৫ সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহর সাথে সংঘর্ষে চার ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত এবং ছয়জন আহত হয়। পরে গতকাল স্থল অভিযানের মধ্যে বিশেষায়িত ইউনিটের এক সৈন্য নিহত হয়েছে।
নিহতদের মধ্যে চারজনের নাম প্রকশ করেছে টাইমস অব ইসরায়েল। তারা হলেন- ওয়ারেন্ট অফিসার (অব.) মোরদেচাই হাইম আমোয়াল (৪২), সার্জেন্ট মেজর (অব.) শামুয়েল হারারি (৩৫), মাস্টার সার্জেন্ট (অব.) শ্লোমো আভিয়াদ নয়মান (৩১) এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস (অব.) শুভায়েল বেন-নাতান (২২)।