আবারও ঢাকায় শুরু হচ্ছে লোকগানের উৎসব ফোক ফেস্ট। বিষয়টি ইতোমধ্যে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক (হিসাব) আসিফুজ্জামান খান।
২০১৫ সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় “ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট”। চলে টানা ২০১৯ সাল পর্যন্ত। আস্তে আস্তে এই উৎসব বৈশ্বিকভাবে ছড়িয়ে যায়। এরপর ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ রাখা হয় ফোক ফেস্ট। চার বছর বিরতির পর আবারও ফিরতে চলেছে সংগীতপ্রেমীদের এই প্রাণের আসর।
তবে কোথায় হতে যাচ্ছে এবারের ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট- এ বিষয়ে সান কমিউনিকেশনস লিমিটেডের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন জানিয়েছেন, ভেন্যু হিসেবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম পেয়েছেন তারা। এটা তাদের জন্য একটা উল্লেখযোগ্য একটা পাওয়া।
তিনি আরও বলেন, এবারের আয়োজন হতে যাচ্ছে ২৩, ২৪ এবং জানুয়ারি। তবে তার আগে আনুষ্ঠানিক সংবাদ সন্মেলন করে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হবে। কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, নিয়ম-কানুন, কোন কোন শিল্পী আসছেন ইত্যাদি উয়ানানো হবে। এদিকে আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ফোক ফেস্টেও দেশের পাশাপাশি বাইরের দেশের লোকগানের শিল্পীরা অংশ নেবেন।
নাম প্রকাশ না করার শর্তে সান কমিউনিকেশনসের এক কর্মকর্তা জানান, সবকিছু অনুকূলে থাকলে আগের বছরগুলোর চেয়ে আরও জাঁকজমক করে এটি আয়োজনের চেষ্টা থাকবে। শিল্পীতালিকাতেও থাকবে চমক।