ফরিদপুরের সদরপুরে সরকারি আদেশ অমান্য করে ইলিশ ধরা নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মা' ইলিশ শিকার করার অপরাধে ৪ জেলেকে আটক করা হয়েছে । পরে তাদেরকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস এ অভিযান চালিয়ে জেলেদের আটক, জাল ও ইলিশ জব্দ করে।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, ফরিদপুর সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের চান্দ্রা বাজার ও মোল্যা কান্দি গ্রামের হারুন দাড়িয়ালের ছেলে লিয়াকত আলী, সৈয়দ আলী মাতুব্বরের ছেলে ওয়াহিদ মাতুব্বর, মোকসেদ হাওলাদারের ছেলে চান মিয়া হাওলাদার, জাফর খানের ছেলে মো: আনোয়ার খান।
সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দকৃত ইলিশ এতিমখানায় দান করা হয়।
সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন বলেন, মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।