ঢাকায় স্তন ক্যানসার সচেতনতায় সেমিনার

স্তন ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজধানীতে বিশেষ একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার গুলশান এভিনিউয়ের আইপিডিসির ফাইন্যান্স অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে 'আমরা নারী' ও 'আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট'।

এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো মেয়েদের স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক শনাক্তকরণ ও প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখা, যাতে নারীদের স্বাস্থ্য সুরক্ষিত ও সুস্থ থাকে। স্বাস্থ্য-সচেতন একটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠে। 

অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রতিবছর প্রায় সাড়ে ৭ হাজার জন মারা যান। অধিকাংশ নারীর মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি থাকলেও বিষয়টি নিয়ে আলোচনা করতে অনেকে সংকোচবোধ করেন।

breast cancer 1

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানাটা। এ সময় তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং  স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

তিনি উপস্থিতদের স্তন ক্যান্সারের ঝুঁকি নিরূপণ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও নিয়মিত স্তন পরীক্ষা করার পরামর্শ দেন। এছাড়া ২০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে মাসিকের পর নিজে নিজে স্তন পরীক্ষা করা উচিত এবং ৪০ বছর বয়সের পর বছরে অন্তত একবার ম্যামোগ্রাম করানো উচিত বলেও পরামর্শ দেন।

এ সময় আরও ছিলেন আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এম এম জাহিদুর রহমান, (অব.) অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, উপদেষ্টা, সামিউল ইসলাম হিরণ (আইটি কনসালটেন্ট), আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস, চীফ হিউম্যান রিসোর্স অফিসার মো. সৈয়দ ইকবাল, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান, হেড অব লিগ্যাল অ্যান্ড করপোরেট কমিউনিকেশন সামিউল হাশিমসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।

সেমিনারটিতে মিডিয়া পার্টনার ছিল বাংলা ট্রিবিউন, বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ পোস্ট ও একাত্তর টিভি।