গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ওই ব্যক্তির নাম জাফর উল্লাহ (৪২)। তিনি ফেনীর করোচিয়া গ্রামের করিম উল্লাহর ছেলে। এ ঘটনার পর আশপাশের লোকজন শাহিন(২২) ও সজিব(৩০) নামে দুই ছিনতাইকারীকে আটক গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। গণপিটুনিতে সজীবের শারীরিক অবস্থার অবনতি প্রাথমিক চিকিৎসা শেষে হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এহতিসাম হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
পুলিশ জানায়,জাফর উল্লাহ পেশায় একজন পোশাক কর্মী। বুধবার রাতে ঢাকার সবুজবাগ এলাকা থেকে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে আসেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। পরে ছিনতাইকারীরা জাফর উল্লাহর গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সুযোগে ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও শাহিন ও সজিবকে আটক করে গণপিটুনি দেয় আশপাশের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে জাফর উল্লাহ মরদেহ ও ছিনতাই চক্রের সদস্য শাহীন ও সবুজকে আটক করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমদ বলেন, এ ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।