ঈশ্বরদীতে ট্রেন আটকে রেখে রেলগেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবি জানিয়েছেন বাইপাস স্টেশনের পার্শ্ববর্তী ডহরশৈলা গ্রামের বাসিন্দারা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন অবরোধ করে তারা এ দাবি জানান। এ সময় ডহরশৈল গ্রামের কয়েক শত নারী-পুরুষ রেললাইনের উপর অবস্থান নিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটিকে প্রায় ১০ মিনিট আটকে রাখেন।
রেলপথ অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঈশ্বরদী রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা উপস্থিত হন।
গ্রামবাসীরা জানান, তিনদিনের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হলে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে। এর আগে গত ১৮ অক্টোবর সকালে উত্তরাঞ্চলে থেকে ঢাকা অভিমুখী রেললাইনের উপর অবস্থান নিয়ে রেলগেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবি জানান গ্রামবাসীরা।
ডহরশৈল গ্রামের বাসিন্দা ও এবি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহবুল আলম বলেন, এখানে রেললাইন নির্মাণের সময় থেকেই আমরা দাবি জানিয়ে আসছি রেলগেট নির্মাণের। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না, তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা রেলপথ অবরোধ করেছে। গ্রামবাসীরা নিজ উদ্যোগ ও খরচে এখানে পাকা রাস্তা নির্মাণের পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা গ্রামবাসীকে উপেক্ষা করে আসছিলো।
ইউএনও মেহেদী হাসান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও ছিল। গ্রামবাসীদের দাবিটি যৌক্তিক। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে এটি ঝুঁকিপূর্ণ, যেহেতু পাশেই রেলস্টেশন। আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে বসবো বিষয়টি সমাধানের জন্য।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ্ সূফী নূর মোহাম্মদ জানান, জোর খাটিয়ে বেআইনি কর্মকাণ্ড চলছে। এ বিষয়ে ইউএনও-এর সঙ্গে বসে আলোচনা করার কথা হয়েছে।