সাবিত্রার চোখে যে কারণে বাংলাদেশ এগিয়ে 

সাফে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। ঘরের মাটিতে নেপাল পারেনি লাল-সবুজের প্রতিনিধিদের আটকাতে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে নাটকীয় ম্যাচের সুতা টেনেছিলেন নেপালের তারকা ফুটবলার সাবিত্রা ভান্ডারি। ফাইনালে এসে বাংলাদেশের বিপক্ষে সেরকম পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন। অবলীলায় সেটি স্বীকারও করেছেন। তার চোখে বাংলাদেশের এগিয়ে থাকার কিছু কারণও রয়েছে। 

ম্যাচ শেষে সাবিত্রা বলেছেন, 'সেমিফাইনালের পরে আমরা আশা করেছিলাম, এবার প্রথম বারের মতো শিরোপা জিততে চলেছি। কিন্তু বাংলাদেশের ফুটবলে অনেক ভালো পরিবেশ রয়েছে। তাদের বিদেশি কোচ রয়েছে, ভালো টেকনিক্যাল ডিরেক্টর রয়েছে, বয়সভিত্তিক ভালো ফুটবল কাঠামো রয়েছে। এর আগেও তারা বয়সভিত্তিক সাফে চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশ চেষ্টা করেছে আক্রমণাত্মক ফুটবল খেলতে সেখানে আমরা রক্ষণে কিছুটা ঘাটতি দেখিয়েছি। তবু চেষ্টা ছিল, হলো না।' 

ফাইনাল ম্যাচ নিয়ে নেপালের এই ফুটবলার বলেছেন, 'শুরুতে আমরা লড়াই জমাতে পারলেও একটা সময় এসে বাংলাদেশ কিছুটা এগিয়ে গেছে। সেমিফাইনাল ও ফাইনালে সমান লড়াই হয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে সুযোগ কিছুটা কম পেয়েছি আমরা। আর যে সুযোগগুলো পেয়েছি সেগুলো কাজে লাগাতে পারিনি। একটা-দুইটা বল কাজে লাগাতে পারলেই আমরা গোলের দেখা পেয়ে যেতাম। তবু খেলাটিকে টাইব্রেকারে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু সে সুযোগ আর আমরা কাজে লাগাতে পারিনি।'