জয়পুরহাটে একই সময়ে একই স্থানে বিএনপির দুটি পক্ষ সম্মেলন ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর আজ এ আদেশ জারি করেন। শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার শহরের নতুনহাটের গোহাটীতে সদর উপজেলা ও শহর শাখা বিএনপির সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু দলের একটি পক্ষের নেতা-কর্মীদের সম্মেলনে রাখা হয়নি অভিযোগ তুলে তারা বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে শহরে মশাল মিছিল করেন। পরে তারা শুক্রবারে নতুনহাটে পাল্টা সম্মেলনের আহ্বান করেন।
একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সম্মেলনের ঘোষণায় বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ বিকেলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আগামীকাল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত নতুনহাট এলাকায় ১৪৪ ধারা জারি করে বিজ্ঞপ্তি দেন।
সদর থানার ওসি শাহেদ আল-মামুন বলেন, আগামীকাল শহরের নতুনহাটে জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছেন।