শোরুম উদ্বোধন করতে না পারা নিয়ে মেহজাবীনের ফেসবুক পোস্ট

চট্টগ্রামে বাধার মুখে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শোরুম উদ্বোধন করতে পারেননি। চট্টগ্রামের ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’ তাকে এই বাধা প্রদান করে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এরপর শনিবার (২ নভেম্বর) গভীর রাতে মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি জানিয়েছেন, নিরাপত্তার অভাবে তিনি শোরুম উদ্বোধনে অংশ নেননি।

ফেসবুকে মেহজাবীন লেখেন, ‘চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই।’

মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

শোরুম উদ্বোধন করতে গিয়ে বাঁধার মুখে পড়েছেন মেহজাবীন এমন খবর ছড়িয়ে পরলে অনেকেই অভিনেত্রীর খোঁজ খবর নেন। তাদেরকে ধন্যবাদ জানিয়ে মেহজাবীন লিখেছেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’

মেহজাবীন চৌধুরীর ফেসবুক পোস্টের স্ক্রীনশট।

গত ২৯ অক্টোবর ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। মেহজাবীন চৌধুরীর এই ঘোষণা আসার পর থেকে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানায় রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা। এই নামে একটি ব্যানারও ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে।

মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

সেই ব্যানারে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোরুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। শনিবার বিকালে উদ্বোধন অনুষ্ঠানের আগে শোরুমের সামনের এলাকায় অবস্থান নেন ৫০ থেকে ৬০ ব্যক্তি। তারা স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লি বলে পুলিশ জানায়।

মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

এ বিষয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‌‘তৌহিদী জনতার বাধায় অনুষ্ঠান হতে পারেনি, বিষয়টি এ রকম নয়। বিষয়টি হচ্ছে শুক্রবার বায়তুশ শরফের হুজুর দিয়ে শোরুমটি উদ্বোধন করা হয়েছে। তখন আজকে (শনিবার) মেহজাবীন চৌধুরীকে দিয়ে যখন আবার উদ্বোধন করাতে গিয়েছে, তখন অনেকে মনে করেছেন, এটা হুজুরকে অপমান করা। এ জন্য মেহজাবীন চৌধুরী আসার আগে রিয়াজউদ্দিন বাজারের কিছু ব্যবসায়ী ও সাধারণ মুসল্লি ক্ষিপ্ত হয়ে শোরুমের নিচে অবস্থান নেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে। মালিকপক্ষ জানায়, মেহজাবীন চৌধুরী আসার কথা ছিল। তবে মেহজাবীনকে নিয়ে যে অনুষ্ঠান ছিল, তা বাদ দেওয়া হয়েছে।’