স্টার্টআপে সাফল্যের জন্য বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে ব্যবসায়িক প্রসার, সহায়তা, নেটওয়ার্ক এবং মূল্যবান নির্দেশনা পাওয়া যায়। তবে লোকাল ও আন্তর্জাতিক উভয় ধরনের বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগ এবং ইকুইটি নেগোসিয়েশন চ্যালেঞ্জিং হতে পারে। তাই কীভাবে উপযুক্ত বিনিয়োগকারী খুঁজে বের করা যায় এবং সঠিকভাবে ইকুইটি নেগোসিয়েশন সম্পন্ন করা সম্ভব, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
লোকাল বিনিয়োগকারী খোঁজার কৌশল
স্টার্টআপ ইভেন্ট এবং হ্যাকাথন: লোকাল বিনিয়োগকারীরা সাধারণত নতুন উদ্যোক্তাদের খোঁজ করেন এবং স্টার্টআপ ইভেন্ট বা হ্যাকাথনে অংশ থাকেন। বাংলাদেশে ঢাকার মতো শহরগুলোতে নিয়মিত স্টার্টআপ ইভেন্ট আয়োজন করা হয়, যেখানে উদ্যোক্তারা তাদের ব্যবসার ধারণা প্রদর্শন করতে পারেন। এভাবে শুধুমাত্র পণ্য নয়, বরং ব্যবসার মডেল এবং স্কেল নিয়ে বিনিয়োগকারীদের সাথে আলাপ করার সুযোগ তৈরি হয়। এমন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে উদ্যোক্তারা সহজেই পরিচিতি লাভ করতে পারেন এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।
লোকাল ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক: বাংলাদেশে "Bangladesh Angels" এর মতো নেটওয়ার্ক রয়েছে যেখানে উদ্যোক্তারা লোকাল বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করতে পারেন। CB Insights-এর তথ্য অনুযায়ী, স্টার্টআপগুলোর প্রাথমিক অর্থের ৩৮% আসে লোকাল নেটওয়ার্ক এবং বিনিয়োগ প্রোগ্রাম থেকে। এছাড়াও আরও অনেক প্ল্যাটফর্ম, বিভিন্ন এনজিও ও সফল উদ্যোক্তারা নতুন স্টার্টআপে বিনিয়োগ করে থাকেন। বর্তমানে বিভিন্ন বড় বড় কোম্পানিও বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।
লোকাল ব্যাংক এবং সরকারি সহায়তা প্রোগ্রাম: বাংলাদেশে সরকার বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে স্টার্টআপদের সহায়তা করে। এছাড়া বিভিন্ন ব্যাংক সহজ শর্তে ঋণ এবং ইকুইটি বিনিয়োগ করে থাকে যা স্টার্টআপ লোন নামে পরিচিত। উদাহরণ হিসেবে বলা যায়, SME Foundation-এর মাধ্যমে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা স্বল্প সুদে ঋণ পেয়েছেন। এটি বিনিয়োগের ক্ষেত্রে একটি সহজলভ্য উৎস যা উদ্যোক্তাদের লোকাল পর্যায়ে বিকাশে সহায়তা করে। এছাড়াও আইসিটি ডিভিশন তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনুদান দিয়ে থাকে।
আন্তর্জাতিক বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগের কৌশল
আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করতে হলে কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্ম এবং ইভেন্টগুলোতে মনোযোগ দিতে হয়।
অনলাইন প্ল্যাটফর্ম: AngelList, Crunchbase, এবং LinkedIn-এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করা যায়। Statista-এর মতে, ২০২৩ সালে আন্তর্জাতিক বিনিয়োগের প্রায় ৭৮% হয়েছে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে। এজন্য এসব প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করে পণ্য ও ব্যবসার মডেল তুলে ধরাই একটি কার্যকর কৌশল।
ইন্টারন্যাশনাল স্টার্টআপ ইভেন্ট: Web Summit, TechCrunch Disrupt-এর মতো আরও অনেক আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করে উদ্যোক্তারা সহজেই আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এসব ইভেন্টে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীরা অংশ নেন, যারা আন্তর্জাতিক মানের আইডিয়া এবং ব্যবসা খুঁজে থাকেন।
ইন্টারন্যাশনাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড: Sequoia, Accel, Tiger Global-এর মতো কোম্পানি থেকে বৈশ্বিক স্তরে স্টার্টআপগুলোর জন্য অর্থায়ন পাওয়ার সুযোগ রয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা অনেক বড় পরিসরে বিনিয়োগ করতে সক্ষম হন এবং উদ্যোক্তারা দ্রুত ব্যবসার প্রসার ঘটাতে পারেন।
ইকুইটি নেগোসিয়েশন কৌশল
ইকুইটি নেগোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ব্যবসার মালিকানা এবং স্টার্টআপের নিয়ন্ত্রণ নির্ধারণ করে।
বিনিয়োগকারীর আগ্রহ বোঝা: ইকুইটি নেগোসিয়েশনের আগে বিনিয়োগকারীর আকাঙ্ক্ষাগুলো বোঝা আবশ্যক। এঞ্জেল ইনভেস্টর সাধারণত কম শেয়ার নিয়ে ব্যবসার দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে আগ্রহী, যেখানে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম বড় শেয়ারের মাধ্যমে ব্যবসার নিয়ন্ত্রণে থাকতে পছন্দ করে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলো প্রায়ই প্রায় ২০-৩০% ইকুইটি দাবি করে, যা তাদের ব্যবসার উপর একটি উল্লেখযোগ্য প্রভাব রাখতে সাহায্য করে।
অংশীদারিত্বের কৌশল ঠিক করা: ইকুইটি নেগোসিয়েশন সফল করতে অংশীদারিত্বের শর্তাবলী স্পষ্ট করা জরুরি। বিনিয়োগকারীরা সাধারণত ব্যবসায়িক সিদ্ধান্তে কতটুকু প্রভাব বিস্তার করতে চান তা নির্ধারণ করতে হয়। Statista-এর মতে, প্রায় ৪২% ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টর চুক্তিপত্রে প্রভাবশালী সিদ্ধান্তের অধিকার পছন্দ করেন, যা প্রায়শই স্টার্টআপের পরিচালনা এবং নীতিমালা নির্ধারণে প্রভাব ফেলে।
ভ্যালুয়েশন কৌশল: কোম্পানির মূল্যায়ন ইকুইটি নেগোসিয়েশনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোম্পানির আকার, সাফল্য, এবং ভবিষ্যৎ পরিকল্পনা দেখে মূল্যায়ন ঠিক করা হয়। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত উচ্চ মূল্যায়নে বিনিয়োগ করতে পছন্দ করেন, যদি ব্যবসার স্কেলিং সম্ভাবনা থাকে। তবে লোকাল বিনিয়োগকারীরা সাধারণত বাজারের সঙ্গে পরিচিত থাকায় তারা কম মূল্যায়নে বিনিয়োগে আগ্রহী।
পরবর্তী বিনিয়োগের সুযোগ তৈরি: প্রাথমিক বিনিয়োগের পরে বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় স্টার্টআপ প্রাথমিক বিনিয়োগ সংগ্রহের পর পুনরায় একই বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়, চীনা ফিনটেক স্টার্টআপগুলোর প্রায় ৭২% সফল স্টার্টআপ তাদের প্রাথমিক বিনিয়োগকারীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে পুনরায় বিনিয়োগের জন্য এগিয়েছে।
টার্মশিট ও চুক্তি যাচাই: টার্মশিটে বিনিয়োগের সমস্ত শর্তাবলী লিখিত থাকে। CB Insights-এর তথ্য অনুযায়ী, ১০০০-এর বেশি আন্তর্জাতিক স্টার্টআপ ব্যর্থ হয়েছে শুধুমাত্র ভুল টার্মশিটের কারণে। সঠিক পরামর্শকের সহায়তায় টার্মশিটের শর্তাবলী বুঝে নেয়া এবং পেশাদারিত্ব বজায় রেখে নেগোসিয়েশন করা প্রয়োজন।
একজন উদ্যোক্তার জন্য উপযুক্ত লোকাল ও আন্তর্জাতিক বিনিয়োগকারী খোঁজা এবং তাদের সাথে সফল ইকুইটি নেগোসিয়েশন একটি জটিল প্রক্রিয়া। বিনিয়োগকারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং চুক্তির শর্তাবলী মানা স্টার্টআপ সাফল্যের মূল চাবিকাঠি। সঠিক যোগাযোগের মাধ্যমে এবং পেশাদারিত্বের সাথে ইকুইটি নেগোসিয়েশন সম্পন্ন করে যেকোনো উদ্যোক্তা তার স্টার্টআপকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারেন।
লেখক: ভাইস প্রেসিডেন্ট, এনকে ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ পরামর্শক।