চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া লেকে বেড়াতে গিয়ে এক তরুণী ‘সংঘবদ্ধ’ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে রিয়াজ উদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রিয়াজ উদ্দিন উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের মো. ইউসুফের ছেলে।
মামলার অন্যান্য আসামিরা হলেন- মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শহীদুল ইসলামের ছেলে মো. ফরহাদ (২৭), নোয়াখালী জেলার মো. রবিন (২৫), পিতা-অজ্ঞাত।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলা থেকে উপজেলার মহামায়া ইকোপার্ক এলাকায় প্রেমিকের সঙ্গে ঘুরতে আসেন ওই কিশোরী। তারা পাহাড়ের উপরে উঠলে পেছন থেকে রিয়াজ উদ্দিন, ফরহাদ ও রবিন অনুসরণ করে। একপর্যায়ে তারা ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় পেয়ে ভিডিও ধারণ করে এবং প্রেমিককে গাছে বেঁধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরবর্তীতে সন্ধ্যায় ওই প্রেমিক যুগল মহামায়া লেকের টিকিট কাউন্টারে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের বলেন, মহামায়া ইকোপার্কে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত আসামি রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর দুই আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।