নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে স্থানীয় সময় এই হামলায় দুই দেশের নেতারা ইহুদিবিদ্বেষী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। ইসরায়েল তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে শুক্রবার দুটি উড়োজাহাজ পাঠিয়েছে। খবর রয়টার্সের।
 
বৃহস্পতিবার রাতে জোহান ক্রুইফ এরিনাতে ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও ডাচ ক্লাব অ্যাজাক্স আমস্টারডামের মধ্যে ইউরোপা লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে অ্যাজাক্স ৫-০ ব্যবধানে জয়ী হয়। খেলা শেষে ওই এলাকায় সংঘাতের সূত্রপাত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘাত থামাতে পুলিশ চেষ্টা করছে। কিছু হামলাকারীকে ইসরায়েলবিরোধী স্লোগান দিতে দেখা যায়। আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা জানান, ম্যাকাবি তেল আবিব সমর্থকদের দিকে আতশবাজি নিক্ষেপ করা হয় এবং দাঙ্গা পুলিশকে হস্তক্ষেপ করে তাদের হোটেলে পৌঁছে দিতে হয়।

গাজা যুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নেদারল্যান্ডসে ইহুদিবিদ্বেষ বেড়েছে। স্থানীয় ইহুদি সংগঠন ও স্কুলগুলো হুমকি ও ঘৃণামূলক চিঠি পাওয়ার অভিযোগ করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনার নিন্দা জানিয়ে এটিকে "প্রচণ্ড সংঘাতময় ঘটনা" বলে মন্তব্য করেছেন এবং ইসরায়েলি সমর্থকদের নিরাপদে ফিরিয়ে আনতে দুটি উড়োজাহাজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে ইসরায়েলি নাগরিকদের ওপর এই ইহুদিবিদ্বেষী হামলার নিন্দা জানিয়ে এটিকে "সম্পূর্ণ অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেন। তিনি নেতানিয়াহুকে ফোনে আশ্বস্ত করে বলেন, "অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"

খেলার পর একটি বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু বিক্ষোভকারী জোহান ক্রুইফ এরিনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পুলিশ ৫৭ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।