অসুস্থ বোনকে দেখতে গিয়ে প্রাণ হারালেন ভাই

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অসুস্থ বোনকে দেখতে গিয়ে পথে সড়ক দুর্ঘটনায় নইফুল ইসলাম (৪৫) নামে এক ভাই মারা গেছেন। এ ঘটনায় খাতিজুল ইসলাম (২৫) নামের আরও এক ভাই গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার চুনিহারী নামক স্থানে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুই ভাই বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বারঢালী গ্রামের মৃত মজোত মোহাম্মদের ছেলে।

আহত নইফুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন। অপর এক ভাই খাতিজুল ইসলামকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে দুজনকে আহত অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান লিমন বলেন, নইফুলের মাথায় প্রচণ্ড আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে এবং খাতিজুলের ডান পা ভেঙে গেছে। নইফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়। আহত অন্যজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: চিনিযুক্ত পানীয়তে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি

রোগীর স্বজনরা জানান, সদর উপজেলার রাতোর গ্রামে বোনের অসুস্থতার খবর শুনে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন দুই ভাই। চুনিহারী এলাকায় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হলে রাস্তার পার্শ্বের পিলারে সঙ্গে নইফুলের মাথা আঘাত লাগে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুরে যাওয়ার পথে এক ভাই মারা গেছেন। অপরজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইত্তেফাক/কেকে