অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। এর মধ্যে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে ডাক পেয়েছেন। এ ছাড়াও উপদেষ্টা হিসেবে শপথ নিতে ডাক পাওয়া আরও তিনজনের নাম জানা গেছে। তারা হলেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে। এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার পক্ষে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছিলেন।
অধ্যাপক মো. সায়েদুর রহমান গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান। এবার সেখান থেকে তাকে উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে। মো. সায়েদুর রহমান বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক।
সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।
এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১। তবে সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরও সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে।