অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবন মোস্তফা সরয়ার ফারুকীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। শপথ নেওয়ার পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।
এদিকে সোমবার (১১ নভেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন উপদেষ্টা ও নির্মাতা ফারুকী। যেখানে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দপ্তরের ফেসবুক পেজের একটি ভিডিও শেয়ার করেছেন ফারুকী।
ভিডিওর সঙ্গে মিল রেখে নির্মাতা ক্যাপশনে লিখেছেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যত অস্বীকার করবে আমরা ততোবার ততোধিক উচ্চস্বরে স্মরণ করিয়ে দিবো।’
ফারুকীর কথায়, ‘কীভাবে আমাদের মায়ের সোনার নোলক হারিয়ে গেলো, কীভাবে আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেলো, কীভাবে পলাশী এখনও আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে।’
এর আগে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এই নির্মাতা শপথ গ্রহনের বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন।
এসময় মোস্তফা সরয়ার ফারুকী সবার উদ্দেশে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার ২টি কারণ তুলে ধরেন। এবং কাজের মাধ্যমে দেশের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন।