নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে পঞ্চবটির ক্রোনি গ্রুপের শ্রমিকরা। এ সময় পঞ্চবটি-মুন্সীগঞ্জ সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৫ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে সড়কটিতে যানবাহন চলাচল শুরু হয়।
এদিকে বিক্ষোভরত শ্রমিকরা এক পর্যায়ে পাশের বিসিক শিল্পাঞ্চলে ঢুকে বেশ কয়েকটি গার্মেন্টস ভাঙচুর করে। নিরাপত্তার কারণে বিসিক শিল্পাঞ্চলের সব গার্মেন্টসে দুপুরের আগেই ছুটি দিয়ে দেওয়া হয়।
বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা রয়েছে। তবে সব কারখানায় কাজ নেই। বাইরের একটি গার্মেন্টে শ্রমিক অসন্তোষের কারণে বিসিকের অধিকাংশ কারখানা লাঞ্চের আগেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
নরসিংদীর আওয়ামী লীগ নেতা আসলাম সানি মালিকানাধীন ক্রোনি গ্রুপের দুটি পোশাক কারখানা রয়েছে। গত বছর থেকে প্রতিষ্ঠানটির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে প্রায়ই বিক্ষোভ করছে।
গ্রুপের অবন্তী কালার টেক্স নামের পোশাক কারখানার সুইং সেকশনের শ্রমিক জাহানারা বেগম বলেন, গত বছর কারখানার মালিক বেতন নিয়ে গড়িমসি শুরু করে। গত আগস্ট মাস থেকে আমার বেতন বকেয়া। বেতন না দিয়ে গতমাসে কারখানা লে-অফ ঘোষণা করে। অনেকের কাছে গেছি, কোনো সমাধান পাই নাই। আজকে তাই বাধ্য হয়ে সড়কে নামছি।
আন্দোলনরত প্রতিষ্ঠান দু’টির শ্রমিকরা বিসিকে প্রবেশ করে কয়েকটি গার্মেন্ট ভাংচুর করলে বেলা সাড়ে এগারোটায় বিসিকের সব গার্মেন্টস ছুটি দিয়ে দেওয়া হয়। বিসিকের আর-ফোর নামে পোশাক কারখানার শ্রমিক শাহিদা আক্তার বলেন, আমাদের লাঞ্চ হয় সাড়ে ১২টায়। কয়েকটি কারখানায় ভাঙচুর করায় কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, ক্রোনি ও অবন্তী গার্মেন্টসের মালিক শ্রমিকদের বেতন দিতে পারছে না। দীর্ঘদিন ধরে এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনা করছি।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, বিকেলে শ্রমিকরা সড়ক থেকে সরে গেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। দীর্ঘ সময় অবরোধের কারণে পঞ্চবটি-মুন্সীগঞ্জ সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।