বিএমএ ‌‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) তে ‘হল অব ফেইম’ এ অন্তর্ভুক্ত হন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বিএমএতে সপ্তম সেনাবাহিনী প্রধান হিসেবে গৌরবমণ্ডিত ‘হল অব ফেইম’ এ অন্তর্ভুক্ত হন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৩ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে প্রশিক্ষণ সমাপ্ত করে কোর অব ইনফেন্ট্রিতে কমিশন লাভ করেন।
 
উল্লেখ্য, তিনি গত ২৩ জুন ১৮তম সেনাবাহিনী প্রধান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইবিআরসি; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন; অ্যাডজুটেন্ট জেনারেল; কমান্ড্যান্ট, বিএমএ; সামরিক সচিবসহ সেনাসদর, চট্টগ্রাম সেনানিবাস এবং বিএমএর ঊর্ধ্বতন ও বিভিন্ন পদবির সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।