শিক্ষার্থীদের ওপর হামলা: সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার 

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার জামতৈল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা হওয়ায় শামীম হোসেন (৪৯) নামের এক ব্যক্তি ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামিকে করে গত ২৬ আগস্ট কামারখন্দ থানায় বিস্ফোরক আইনের মামলা করেন। সেই মামলায় উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও শম্পা রহমানকে গ্রেপ্তার করা হয়।