আইসিসির বিচারকের বিরুদ্ধে পাল্টা গ্রেপ্তারি পরোয়ানা জারি করল রাশিয়া

রাশিয়ায় শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে 'মিথ্যা রায়' দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক হাইকেল বেন মাহফুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মস্কোর একটি আদালত।

আদালতের একজন মুখপাত্র বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, বেন মাহফুদকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক হাইকেল বেন মাহফুদ। ছবি: সংগৃহীত

এই আদেশের অর্থ হলো, তিনি যদি কখনো রাশিয়া ভ্রমণ করেন বা তৃতীয় কোনো দেশ তাকে রাশিয়ায় হস্তান্তর করে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে রাখা হবে।

রাশিয়া বলছে, আইসিসি'র বিচারক বেন মাহফুদ শীর্ষ রুশ জেনারেল এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীকে 'ইচ্ছাকৃত টার্গেট' করার জন্য দায়ী। দোষী সাব্যস্ত হলে রাশিয়ার আইন অনুযায়ী বেন মাহফুদের চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে গত জুনে সের্গেই শোইগু ও সাবেক সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক এই সংস্থার সর্বশেষ বৈরী পদক্ষেপ।

গত বছর একই আদালত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভাবেলোভার বিরুদ্ধে 'দখলকৃত অঞ্চল থেকে শিশুদের বেআইনিভাবে নির্বাসনের' অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মস্কো এই অভিযোগকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে।