খুলনায় বিষাক্ত খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যু

খুলনায় বিষাক্ত মোয়া ও আপেল খেয়ে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চন্দন শ্রী গ্রামের মাসুদ রানার মেয়ে ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ওসি মো. মনিরুল ইসলাম।

ওসি মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ইরানী ও আব্দুল গনির পিতা আপেল কিনে বাড়িতে যান। রাতে ওই দুই শিশু আপেল খায়। এর কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ঐ দুই শিশুর পিতা মঙ্গলবার খোলা কাগজের ঠোঙ্গায় করে মোয়া ও আপেল কিনে বাড়িতে নিয়ে যায়। রাতে তারা ঐ মোয়া ও আপেল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তবে কিসে বিষ ছিল তা এখনো নিশ্চিত করা যায়নি। রিপোর্ট আসলে জানা যাবে।

এলাকাবাসীরা জানান, নিহতদের বাবা মাসুদ রানার স্থানীয় বাজারে মুদি দোকান রয়েছে। মা নার্গিস বেগম মানুষের বাড়ি কাজ করেন। ঐ দম্পতির মাছুরা নামের ৮ বছর বয়সী আরেক মেয়ে রয়েছে।