নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে অবৈধ বাসস্ট্যান্ড-কাউন্টার অপসারণ এবং অবৈধ যান চলাচল বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা প্রশাসক, সেনাবাহিনী ও জেলা পুলিশ প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের লিংক রোড থেকে শুরু করে চাষাড়া মোড় ও বঙ্গবন্ধু সড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) মো. আব্দুল করিমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় শহরের সড়কে চলাচলকারী বেশকিছু ফিটনেস বিহীন বাস, ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশা, মোটরসাইকেল, ইজিবাইক আটক ও ডাম্পিং করাসহ হেলমেটবিহীন অবৈধ চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।
এছাড়াও শহরের চাষাঢ়া লিংক রোডে অবৈধ কাউন্টার ও স্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। অভিযানে ট্রাফিক পুলিশের সদস্যরা হেলমেটবিহীন অবৈধ চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আগামী এক সপ্তাহ পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে না এলে শহরে চলাচলকারী সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, এই কার্যক্রম অব্যাহত থাকবে।