বরগুনা ও কুতুবদিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযান

মাদক ও সন্ত্রাস নির্মূলে বরগুনার বামনা উপজেলা ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (১৫ নভেম্বর)  পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

বাংলাদেশ নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাবাড়িতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোছা. সালমা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৭৯০ পিস ইয়াবা ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, উপজেলার কলাগাছিয়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. মোস্তফা কামাল ওরফে ইয়াবা খোকনকে আটক করা হয়। এ সময় তার নিজ বাড়ি থেকে ৪ শত ৭০ পিস ইয়াবা, দুইটি মোবাইল সেট এবং নগদ ৫৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে বামনা থানায় ইতঃপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

এদিকে, একইদিনে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউল করিম রাজুকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি করে ২ শত ৫ পিস ইয়াবা জব্দ করা হয়। 

অভিযান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের যথাক্রমে বামনা ও কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ʻইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান রয়েছে।