টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বরাবরই বেশ স্পষ্টবাদী। তবে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তার ভাবনা চিন্তার কারণে তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। পেয়েছেন নানা তকমাও। সম্প্রতি এক সাক্ষাতকারে সেসব প্রসঙ্গে নিয়েই কথা বললেন অভিনেতা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোল কানেকশন পডকাস্ট শোতে পরমব্রত কথা বলতে গিয়ে বলেন, ‘একধরনের এলিটিজম বা ক্লাসিজম কাজ করে বাঙালির মধ্যে।
এমনিতেই শিক্ষিত শহুরে বাঙালিদের মধ্যে সহজাত একটা ক্লাসিজম আছে। একটা শ্রেণীগত নাক উঁচুপনা আছে। আমি তো এটার জন্য বিখ্যাত ছিলাম। লোকে আমায় পাকা পরম বলতো, নাক উঁচু পরম বলতো।
তিনি আরও বলেন, আর আমার স্বীকার করতে অসুবিধা নেই, আমি বহুদিন সেটা ছিলাম তার কারণ আমি যে বয়সে ইন্ডাস্ট্রিতে ঢুকেছি সেই বয়সে এখানে এসে দেখেছি আমি যা পড়াশোনা করছি, যা দেখছি সেটার সঙ্গে আমি যেটা করতে এসেছি সেটার কোনও মিল নেই।
যে মানুষগুলোর সঙ্গে ওঠাবসা করছি তাদের সঙ্গে কোনও মিল নেই। তখন সাইভাইভালের জন্য ঠিক করে নিই যে আমি নিজেকে আলাদা করব।'
এছাড়া এসময় পরম দাবি করেন ভারতে পরীক্ষা নিরীক্ষামূলক সিনেমা সেই অর্থে তৈরি হয়নি।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন ‘এক্সপেরিমেন্টাল ছবি সেই ছবিকেই বলব যেটা আমি পর্দায় একটা গল্প বলব কিনা, সেটাকে চ্যালেঞ্জ করবে। মাধ্যমটাকে চ্যালেঞ্জ করবে’।
তিনি আরও বলেন, ‘পরীক্ষামূলক ছবি বিদেশে কিছু হয়েছে। আর সেই ছবি যদি দেখতে যাই তাহলে সেটা বসে দেখার ধৈর্যই কারও থাকবে না।
একজন থাই চিত্রনির্মাতা আছেন আপিশেপং উইরাসেথাকুল বলে, তার দু তিনটে ছবি দেখার চেষ্টা করেছিলাম, সিনেমার ছাত্র বলে দেখতেই হবে এটা মাথার মধ্যে চললে আলাদা কথা। কিন্তু সাধারণ দর্শক হিসেবে আরও পাঁচটা কাজের মধ্যে একটা সিনেমা দেখতে বসেছিলাম।
১০-১৫ মিনিটের বেশি দেখতে পারিনি। এটা অস্বীকার করতে আমার সমস্যা নেই কোনও। ওইটা সত্যিকারের পরীক্ষামূলক ছবি। আমরা ভারতে যেটা বানাই সেখানে আমরা গল্প বলার চেষ্টা করি কম বেশি সবাই। কেউ একভাবে বলেন, কেউ আরেক ভাবে। ’