হংকংয়ে প্রতি চারজনের একজন পুরুষ মানসিক স্বাস্থ্যঝুঁকিতে

হংকংয়ে প্রতি চারজনের মধ্যে একজন পুরুষ মাঝারি থেকে গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে রয়েছে। শনিবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্রায় অর্ধেকের বয়স ৩৫ থেকে ৫৪ বছরের মধ্যে।

হংকংয়ের মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশন ১৮ বছরের বেশি বয়সী ১ হাজার ৬৯৮ জন পুরুষকে নিয়ে সমীক্ষাটি সম্পন্ন করেছে। ফলাফলে দেখা গেছে, তাদের মধ্যে ৪১৭ জনই মাঝারি বা গুরুতর মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

সংগঠনটি গত অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে এই অনলাইন জরিপ চালায়। আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক পুরুষ দিবসকে সামনে রেখে ফলাফল প্রকাশ করা হয়।

হংকংয়ের মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশনের জকি ক্লাব মেনস স্পেসের প্রকল্প ব্যবস্থাপক লিউং কা-চুন বলেন, অনেক পুরুষ বিশ্রামের জন্য সময় ও জায়গা ছাড়াই দীর্ঘ সময় কাজ করার পাশাপাশি আর্থিক সংগ্রামের মুখোমুখি হচ্ছেন।

তিনি বলেন, এই উচ্চ-ঝুঁকিপূর্ণ পুরুষরা প্রায়শই সাহায্য চাইতে অনিচ্ছুক ছিল।

জরিপে অংশ নেওয়া ১৬৬ জনের মধ্যে ৫৮ শতাংশ কাউন্সেলিং সেবা গ্রহণের আগে মাঝারি থেকে চরম উদ্বেগে ভুগছিলেন। প্রায় অর্ধেক উত্তরদাতা মাঝারি থেকে অত্যন্ত তীব্র হতাশা ও মানসিক চাপে ভুগছিলেন।

তাদের চাপের সর্বাধিক সাধারণ উত্স হলো- কাজ (জব), আর্থিক সমস্যা এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক। অন্যান্য চাপের মধ্যে ট্রমাজনিত অভিজ্ঞতা এবং কম আত্মবিশ্বাসও অন্তর্ভুক্ত ছিল।

হংকংয়ের মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, এ বছর জরিপ কর্মসূচির আওতায় যারা কাউন্সেলিং পাচ্ছেন, তাদের মধ্যে ১৪ শতাংশ সেবা পাওয়ার আগের তিন মাসে আত্মহত্যার চিন্তা করেছিলেন।