বন্ধুর ক্ষুরের আঘাতে সাবেক ছাত্রদল নেতা খুন

সিলেটের কানাইঘাট পূর্ব বিরোধের জেরে বন্ধুর ধারালো ক্ষুরের আঘাতে পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুমিন সরকার (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কানাইঘাট পৌর সদরে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মুমিন পৌর সদরের ধনপুর গ্রামের বাসিন্দা। সে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু আহমদ নামে মুমিনের এক বন্ধু তাকে হত্যা করে। অভিযুক্ত রাজুও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পৌর সদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।

মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিলো। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে।

স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌর সদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। পরে রাজু পালিয়ে যান। স্থানীয়রা মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।