বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই পরিবেশ নিশ্চিতকরণে নগরীর নবদিগনমশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কুল সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তাণ্যের নেতৃত্বে চলমান শিফট ক্যাম্পেইনের অংশ হিসেবে গতকাল সোমবার সেভ দ্য চিলড্রেনের শিশুদের জন্য প্রকল্প থেকে উঠে আসা শিফটাররা এ কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচি শিফট ক্যাম্পেইনের চলমান কার্যক্রমের এক গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম ম্যানেজার কনিকা ফেরদৌস, মানবিক সাহায্য সংস্থার প্রোগ্রাম ম্যানেজার আফসানা খানম, গীতিকার ও সুরকার খৈয়াম সানু সন্ধি, নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক প্রমূখ।
এসময় বক্তারা যুবসমাজের নেতৃত্বের গুরুত্ব এবং পরিবেশগত সমস্যাগুলোর প্রতি সমাধানমূলক মনোভাব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, আমরা যেন যত্রতত্র ময়লা না ফেলি। প্লাস্টিকের ব্যবহারও বন্ধ করতে হবে। আর এই সচেতনতামূলক কাজটি নিজেদের জায়গা থেকেই শুরু করতে হবে। পাশাপাশি অন্যদেরও সচেতন করে তুলতে হবে। রায়েরবাজারকে পরিচ্ছন্ন ও সবুজ করে গড়ে তোলার জন্য শিফট ক্যাম্পেইনের তরুণ নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তারা মন্তব্য করেন।
পরে শিফটারগন সচেতনতা বৃদ্ধিমূলক সেশন পরিচালনা করেন। যেখানে তারা শিক্ষার্থীদের বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং প্লাস্টিক ব্যবহারের প্রতি সচেতনতা গড়ে তোলার কথা বলেন। শিক্ষার্থীদের মধ্যে বর্জ্য পৃথকীকরণ বিষয়ক একটি কার্যক্রমও পরিচালিত হয়, যেখানে অপচনশীল ও পচনশীল বর্জ্য আলাদা করতে শেখানো হয়।
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিলো, গীতিকার ও সুরকার খৈয়াম সানু সন্ধি ক্যাম্পেইনের থিম সং উন্মোচন করেন। এই পরিবেশনা অনুষ্ঠানে নতুন এক উদ্দীপনা সৃষ্টি করে, যা ক্যাম্পেইনের উদ্দেশ্য ও লক্ষ্যকে আরও শক্তিশালীভাবে তুলে ধরে। এরপর থিয়েটার ফর ডেভেলপমেন্ট এর পরিবেশনায় গীতিকবিতা ও নাটক মঞ্চস্থ হয়, যেখানে তারা বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা ও তার সমাধানগুলো সরাসরি প্রদর্শন করেন। নাটকটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করে এবং পরিবেশ সচেতনতার বার্তা দেয়। সবশেষে সকলের অংশগ্রহনে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।