ছাত্র আন্দোলনে মিছিলে হামলার অভিযোগ

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাতে পৌরশহরের উপজেলা সড়কের সোনালী ব্যাংকের সামনে থেকে র‍্যাব-১৪ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুইজন শিক্ষকতার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 

গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় এ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে সখীপুর থানায় তাদের হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সখীপুর পিএম পাইলট গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কেবিএম খলিলুর রহমান তালুকদার ও উপজেলার গোহাইলবাড়ী আব্দুল গনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম। 

সখীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গত ২৬ আগস্ট রাতে পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন। এতে টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা আ.লীগের সভাপতি শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদসহ ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বুধবার রাতে গ্রেপ্তার হওয়া অধ্যক্ষ খলিলুর রহমান ৭৫ নম্বর ও প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ৮০ নম্বর আসামি।

গ্রেপ্তার অধ্যক্ষ খলিলুর রহমানের ছেলে নাফিউল রাজিম রক্তিম বলেন, ‘আমি নিজেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলাম। বাবা এতে কখনো বাঁধা দেননি বরং সাহস দিয়েছেন। সেই আমার বাবাকেই আজ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো। নিজেকে অসহায় এবং বড় অপরাধী মনে হচ্ছে।’

এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার এসআই মাসুদ রানা বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে রাতেই সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।