ঋণ নিয়ে কেনা উপার্জনের শেষ সম্বলটিও পুড়ল আগুনে

এনজিও থেকে লোন নিয়ে গাড়ি কিনে এলাকায় গাড়ি চালানো শেখাতেন জসিম উদ্দিন। উপার্জনের এই শেষ সম্বলটিও খোয়ালেন তিনি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মধ্যরাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় ট্রেনিং-কারটি। ঘটনাটি ঘটে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা ইউপির ইন্দ্রি গ্রামে।

গাড়ির মালিক জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সাড়ে বারোটার দিকে বাড়ির সামনে রাস্তায় গাড়িটি লক করে ঘুমাতে যান তিনি। রাত প্রায় দেড়টার দিকে ঐ বাড়ির এক মহিলা গাড়িটিতে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। এত এসময় আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঢাকা মেট্রো-ক-০২২৪৮৯ গাড়িটি।

জসিম উদ্দিন বলেন, ‘আগুন নেভানোর প্রাণপণ চেষ্টায়ও রক্ষা হয়নি একমাত্র উপার্জনের সম্বল এ ট্রেনিং-কারটি। চোখের সামনে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি।’

স্থানীয় এনজিও থেকে লোন নিয়ে গাড়িটি কেনার কথা জানান তিনি। মাস শেষে গাড়ি থেকে উপার্জিত আয় দিয়েই চলে তার সংসার, পরিশোধ করতেন গাড়ির কিস্তির টাকা। রোজগারের একমাত্র সম্বল কারটি পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।